ইন্তেকাল করেছেন শিক্ষক ও রাজনীতিবিদ মাওলানা গোলাম মাওলা ভুইঁয়া
চাঁদপুর: ইমামে রাব্বানী দরবার শরীফের বিশিষ্ট খাদেম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহারাস্তি উপজেলার সাবেক সভাপতি ও চাঁদপুর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষক মাওলানা গোলাম মাওলা ভুইঁয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাওলানা গোলাম মাওলা ভুইঁয়া টামটা দাখিল মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের স্থায়ী বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেম, দক্ষ সংগঠক ও সমাজসেবক। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।